৭২তম জন্মদিনে আলোচনা, চারা বিতরণ, ক্রীড়া প্রদর্শনী ও দোয়া মাহফিল
শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। পচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের হাতে প্রথম প্রাণ হারিয়েছেন তিনি। তার হাত ধরেই দেশে আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শুরু হয়েছিল। একজন রাষ্ট্রপ্রধানের সন্তান হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত সাধাসিধে। কাজেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি শেখ কামালের জীবনধারা অনুসরণ করে, তাহলে তারাও অনেকটা এগিয়ে যাবে। তিনি ৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জিকে পাইলট উচ্চবিদ্যালয় হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে ওইসব কথা বলেন। তিনি আরও বলেন, পচাত্তরের ১৫ আগস্ট কালরাত্রে ক্ষমতার উচ্চাভিলাষী জিয়া ও দলের উচ্চাভিলাষী মোস্তাক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশ থেকে তার চেতনা ও আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। কিন্তু পরবর্তীতে তার আদর্শ ও চেতনার পথ ধরেই আওয়ামী লীগ উজ্জীবিত হয়েছে। তারই সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মজদুল হক মিনু, সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক চন্দন সাহা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ। আলোচনা শেষে শেখ কামালের রূহের মাগফেরাত কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার সকালে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক পৃথক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জোয়াহের আলী মিয়া, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। পরে আলোচনা সভা শেষে জেলা কালেক্টরেট অফিস অঙ্গনে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন, বাদ যোহর কালেক্টরেট জামে মসজিদসহ জেলার সকল মসজিদে শেখ কামালের রূহের মাগফেরাত কামনায় দোয়া এবং বিকেল সাড়ে তিনটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে ক্রীড়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

এছাড়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিমের সভাপতিত্বে হলরুমে দুপুরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।









