শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে জান্নাতি নামে ৬ বছর বয়সী এক শিশু কন্যা পানিতে ডুবে মারা গেছে। ২৮ জুলাই বুধবার দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব মাটিয়াকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত জান্নাতি পূর্ব মাটিয়াকুড়া গ্রামের জাফর মিয়ার কন্যা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে শিশুকন্যা জান্নাতি প্রচণ্ড গরমে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায় সে। পরে পার্শ্ববর্তী বাড়ির শিশুদের ডাক-চিৎকারে জান্নাতির মা পুকুর পাড়ে ছুটে যান। এ সময় চিৎকার করলে স্থানীয়রা পুকুরে নেমে জান্নাতির লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




