শেরপুর নকলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাছেন আলী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ জুলাই শনিবার রাতে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী (মোজার) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। হাছেন আলী স্থানীয় জালাল মিয়ার পুত্র।

জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতা কিশোরী দরিদ্র অসহায় পরিবারের সন্তান। তাদের নিজের কোন জমি ও ঘর না থাকায় পোলাদেশী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে। গত শুক্রবার রাতে হাছেন আলী লোভ লালসা দেখিয়ে ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কৌশলে ঘর থেকে বের করে পার্শ্ববর্তী মৃত লাল মিয়ার রান্নাঘরে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ওই ঘটনার পর ভুক্তভোগীর বাবা রবিবার থানায় একটি ধর্ষণ মামলা করেন।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি হাছেন আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সেইসাথে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




