কোভিড-১৯ টিকাদান কর্মসূচির তৃতীয় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ হাজার ৮শ ডোজ ‘ভেরোসেল ভ্যাকসিন’ শেরপুরে এসে পৌঁছেছে। ১১ জুলাই রবিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে জেলা ভ্যাকসিন কমিটির সদস্যরা ওই টিকার চালান গ্রহণ করেন। একটি বিশেষ ফ্রিজার ভ্যানে করে শেরপুরে আসা এ চালানের টিকা দিয়ে ১০ হাজার ৪শ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া যাবে।

ভ্যাকসিন গ্রহণের সময় জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার ডিএম সাদিক আল সাফিন, পুলিশ সুপারের প্রতিনিধি বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মোহাম্মদ আবুল বাশার মিয়া, জেলা ড্রাগ তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (এমওসিএস) ডা. আকরাম হোসেন, জেলা ইপিআই সুপারভাইজার, কোল্ড চেইন টেকনিশিয়ান ও সহকারি স্টোরকিপার উপস্থিত ছিলেন।
শেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম, আনওয়ারুর রউফ জানান, শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসূচি আগেই শুরু হয়েছে। এখন নতুন টিকা পাওয়ার পর সোমবার থেকে উপজেলা পর্যায়েও টিকাদান কর্মসূচির শুরু করা হবে।
উল্লেখ্য, এ পর্যন্ত শেরপুর জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫৬ হাজার ৩৯১ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩৪ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন।




