শেরপুরের শ্রীবরদীতে গাছের চাপায় লালন মিয়া (১১) নামে এক শিশু নিহত হয়েছে। ১০ জুলাই শনিবার সকালে উপজেলার তিনআনী ছনকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় মৃত নুরল ইসলামের ছেলে। এদিকে ওই শিশুর ওপর কাটা গাছ পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, শ্রীবরদী উপজেলার তিনআনী ছনকান্দা গ্রামে মৃত হুরমুজ আলীর ছেলে মোহাম্মদ আলী ওরফে আলাল মিয়ার সাথে পার্শ্ববর্তী জাকির মিয়ার জমি ও গাছ নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি আলাল মিয়া বিরোধপূর্ণ কয়েকটি একাশি গাছ বিক্রি করে দেয়। শনিবার সকাল ১০টার দিকে গাছের পাইকার ও করাতকলের শ্রমিকরা গাছ কর্তন করে। ওই সময় গাছ কর্তন করা অবস্থায় গাছের পাশ দিয়ে লালন মিয়া যাওয়ার সময় তার ওপর গাছটি পড়ে যায়। এতে ওই শিশুর মাথা ও বুকের ওপর প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।




