শেরপুরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় নতুন করে একদিনে সর্বোচ্চ ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২ হাজার ৭৫ জন। আর মোট মৃত্যু হয়েছে ৩৮ জনের। ৯ জুলাই শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। এদিকে করোনা প্রতিরোধে শেরপুর পৌরসভার প্রতি ওয়ার্ডে করোনা প্রতিরোধ ও সচেতনতা কমিটি গঠন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ১০০ জন। এর মধ্যে ৬২ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ১৪ জন, নকলা উপজেলায় ১০, ঝিনাইগাতীতে ৬ জন ও শ্রীবরদীতে ৮ জন রয়েছেন। মোট ২৭১টি নমুনা পরীক্ষায় ১০০ জনের পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬.৯০ ভাগ। জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৭৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৩ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৯২৪ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫০ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৯ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় করোনার প্রকোপ বাড়ছে। করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
এদিকে গত ১১ জুন থেকে শেরপুর জেলায় আংশিক ও ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন দিয়েও শেরপুরে থামানো যাচ্ছে না করোনার সংক্রমণের হার। তাই জেলা প্রশাসন জেলার প্রতিটি পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে করোনা প্রতিরোধ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে। ৭ জুলাই জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা বসে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম।
তিনি জানান, প্রতিটি পৌর ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রধান করে স্বাস্থ্যকর্মী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত হবে এ কমিটি। এ কমিটি মানুষকে সচেতন করবেন এবং লকডাউন ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, শেরপুরে করোনার সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। চলমান লকডাউনেও করোনার ভয়াবহতা নিয়ে গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সবাইকে এখনই সচেতন হতে হবে।




