শেরপুরে র্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ, গাজা ও হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (শেরপুর-জামালপুর)। ৬ জুলাই মঙ্গলবার রাতে সদর উপজেলা ও নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামের মৃত মহুর উদ্দিনের ছেলে রূপচাঁন মিয়া (৩০) ও নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও গ্রামের আলী হোসেনের ছেলে শেখ ফরিদ (২৪)। বুধবার সকালে অভিযোগসহ তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

৭ জুলাই বুধবার সকালে র্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানার উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার চরখারচর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। ওইসময় ১.৪৫ গ্রাম হেরোইন ও ৩৯ গ্রাম গাঁজাসহ রূপচাঁন মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া একইভাবে একইদিন রাত পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তি নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশন বটতলা এলাকায় অভিযান চালায় র্যাব। ওইসময় ২৬ বোতল বিদেশী মদসহ শেখ ফরিদকে গ্রেফতার করে র্যাব।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত শেরপুরের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









