শেরপুরের নকলায় এক মাদ্রাসা ছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বুধবার ওই মামলায় আদালতে জবানবন্দি দিয়েছে নির্যাতনের শিকার ওই ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান।

জানা যায়, নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাচঁকাহনিয়া এলাকায় ছালামা রিয়াশ হিফজুল কুরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীরা রাতে থেকে লেখাপড়া করে। পাঁচকাহুনিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র সাদ্দাম হোসেন (২৮) মাদ্রাসার কক্ষে রাতের বেলায় একপাশে কাপড়ের পার্টিশন দিয়ে থাকে এবং আরেক পাশে শিক্ষার্থীরাসহ এক মহিলা শিক্ষক থাকেন। ওই অবস্থায় গত ২৬ জুন রাতে ঘুমন্ত ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে সাদ্দাম হোসেন। এক পর্যায়ে ঘুম থেকে জাগ্রত হয়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে অন্যান্য শিক্ষার্থীরাও জেগে উঠে ঘটনা দেখে ফেলে। বিষয়টি জানাজানি হয়ে পড়লে স্থানীয়রা আপোষ-মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মঙ্গলবার ওই ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রীর মা বাদী হয়ে সাদ্দাম হোসেনকে একমাত্র আসামী করে নকলা থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ৯(৪)খ ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ওই মামলায় বুধবার আদালতে জবানবন্দি দিয়েছে ভিকটিম। অন্যদিকে, একমাত্র আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান চলছে।




