মাঠে তৎপর প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনী
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সরকারঘোষিত লকডাউনের ষষ্ঠ দিনে শেরপুরে রাস্তায় বেড়েছে জনচলাচল। অন্যান্য দিনের মতো ৬ জুলাই মঙ্গলবারও সকাল থেকেই জেলা প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা-সদস্যরা মাঠ পর্যায়ে তৎপর থাকলেও এদিন নানা অজুহাতে এক শ্রেণির মানুষের তুলনামূলকভাবে বেশি চলাচল রক্ষা করা যায়। সেইসাথে তাদের মাঝে স্বাস্থ্যবিধি মানা নিয়েও দেখা যায় যথেষ্ট উদাসিনতা। তবে ঔষধ, খাবারের দোকান ও কাঁচাবাজার ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠান যথারীতি বন্ধই ছিল।

এদিকে জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিজানুর রহমান জানান, লকডাউনের ষষ্ঠদিনে নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও নিষিদ্ধ পলিথিনসহ অন্যান্য সামগ্রী রাখার দায়ে জেলা শহরের নয়ানীবাজারে এক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নালিতাবাড়ীতে স্থানীয় নয়ানিকান্দা গরুর হাট পরিচালনার দায়ে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জেলায় ওই দুটি ঘটনাসহ ভ্রাম্যমাণ আদালতের পৃথক ১৮টি টিমের মোট ১৭৩টি অভিযানে ১ লক্ষ ৮৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।




