শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বিধ্বস্ত রাস্তাঘাট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। ৪ জুলাই রবিবার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড়, রামনগর, পাগলারমুখ, বাগেরভিটা, হাতিবান্ধা, দারিয়ারপাড়, কাংশাসহ বিভিন্ন এলাকার পাহাড়ি ঢলে বিধ্বস্ত রাস্তাঘাট পরিদর্শন করেন। ওইসময় তিনি জনগণের দুর্ভোগ লাগবে বিধ্বস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীদের দিক-নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক ও শ্রীবরদী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। পরে বিকেলে মোস্তাফিজুর রহমান শ্রীবরদী উপজেলার বিধ্বস্ত একটি রাস্তা পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার ৭টি ইউনিয়নে বিভিন্ন রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারও মানুষ।




