শেরপুরের নালিতাবাড়ীতে বন্যার পানিতে ডুবে লামিয়া খাতুন (৮) নামে এক মাদরাসাপড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। ৫ জুলাই সোমবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর বড়বিলা গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় লালচাঁনের কন্যা।

জানা যায়, গত এক সপ্তাহ আগে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় লালচাঁনের বাড়িসহ পেছনের কাঁচা রাস্তা প্লাবিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিশু লামিয়া অন্য দুই শিশুকে সাথে নিয়ে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। কিন্তু পানিতে নিমজ্জিত রাস্তা পারাপারের সময় তিনজনই অসাবধানতাবশত রাস্তার পাশে গর্তে পড়ে যায়। ওইসময় শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করলে ২ শিমু জীবিত থাকলেও শিশু লামিয়া মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









