শেরপুরে ক্রমেই বাড়ছে করোনার সংক্রমণ। পাড়ায় মহল্লায়, বাড়িতে বাড়িতে মানুষ আক্রান্ত হচ্ছে করোনা উপসর্গে। প্রতিদিন গড়ে প্রায় অর্ধশতাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। শনিবার পর্যন্ত জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮ জন করোনা রোগী। আর এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৩২ জন। এর মধ্যে কেবল জুন মাসেই মারা গেছেন ১৩ জন। অন্যদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় কঠোর লকডাউন কার্যকরে শেরপুরে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার পরও এখনও গড়ে উঠেনি সে তুলনতায় গণসচেতনতা। সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, পরছেন না মাস্ক, থাকছেন না ঘরে। তারা শহর ও শহরতলীতে অযথা ঘুরাঘুরি করছেন। এদিকে বিধি-নিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এবং মাস্ক ছাড়া ও যুক্তিসংগত কারণ ব্যতীত অযথা ঘুরাফেরার দায়ে ৩ জুলাই শনিবার পর্যন্ত ৩ দিনে জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ২৩ হাজার ৯৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে তৎপরতা বাড়াতে ইতোমধ্যে নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতী পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোমিনুর রশীদ।

জানা যায়, সারাদেশের ন্যায় শেরপুরেরও কঠোর লকডাউন কার্যকরে বৃহস্পতিবার সকাল থেকে সমন্বিত পরিকল্পনায় মাঠে নামে প্রশাসনের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার ব্যাটালিয়ানসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। একদিকে জেলার ৫টি উপজেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পৃথক ১৬টি টিম মাঠে নেমে অভিযান পরিচালনা করছে। অন্যদিকে ৪৬ সেনাসদস্য, ২ প্লাটুন বিজিবি, ৩শ পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় কাজ করছেন ব্যাটালিয়ান আনসারের কিছু সদস্য। আইন-শৃঙ্খলা বাহিনীর ঘন ঘন টহলের পরও জেলা সদরসহ প্রতিটি উপজেলা সদরেই গুরুত্বপূর্ণ মোড় ও এলাকাগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। কিন্তু সকাল থেকেই এক শ্রেণির মানুষদের কেউ কেউ মাস্ক ছাড়া, আবার কেউ কেউ জরুরি প্রয়োজন ছাড়া অযথা শহরে প্রবেশ করছেন। তাদের সচেতন করতে তুলে দেওয়া হচ্ছে মাস্ক। বুঝানো হচ্ছে পরিস্থিতি সম্পর্কে। এরপরও তা না মেনে কেউ কেউ আটক হয়ে জরিমানাও গুনছেন। কিন্তু দায়িত্বরতরা এদিক থেকে যেন ওদিকে ঘুরলেই সুযোগ বুঝে আবারও ঢুকে পড়ছেন লোকজন। কেবল তাই নয়, শহরতলীর বাইরে হাট-বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানোর পরও সেগুলোর অবস্থা একেবারেই ভিন্ন, অনেকটাই আগের মতো। এদিকে পরিস্থিতি বিবেচনায় শনিবার থেকে শেরপুর পৌরসভার তরফ থেকে ওয়ার্ড পর্যায়ে জনসচেতনতা গড়তে দায়িত্ব দেওয়া হয়েছে ১২ জন কাউন্সিলরকে।
শনিবার বিকেলে সরেজমিনে ঘরে দেখা যায়, শহরের শেখহাটি, তাতালপুর, আখেরমামুদের বাজার, নতুন বাস টার্মিনালসহ সদর উপজেলার কুসুমহাটি বাজার, কানাশাখোলা বাজার, ভীমগঞ্জ বাজার, তারাকান্দি বাজার, গাজীরখামার বাজার, কামারেরচর, ও বাজিতখিলা বাজারে যাতায়াতকারীদের মাঝে যেন স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। একই অবস্থায় রয়েছে অপর ৪টি উপজেলার হাট-বাজারগুলোতেও।
অন্যদিকে শনিবার বিকেল পর্যন্ত জেলায় ৬১টি মামলায় ১ লক্ষ ৪৩ হাজার ৩০ টাকাসহ ৩ দিনে জেলায় মোট ১৯২টি মামলায় ২ লক্ষ ২৩ হাজার ৯৩০ টাকা জরিমানা করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস শনিবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, লকডাউন কার্যকরে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর দিক-নির্দেশনায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে জেলা পুলিশ কাজ করছে। প্রতিটি উপজেলাতেই জেলা পুলিশের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে থানা পুলিশ মাঠে তৎপর রয়েছে। লকডাউন সম্পর্কে শেরপুরে দায়িত্বরত ময়মনসিংহের ১৯ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় লকডাউন কার্যকরে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তার নেতৃত্বে শেরপুরে প্রতিদিন ৬টি পেট্রোল টিম কাজ করছে। মানুষকে ঘরে থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে। তার মতে, পরিস্থিতি মোকাবেলায় সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ আর জনসচেতনতা বাড়ানো ছাড়া গত্যন্তর নেই। আর র্যাব-১৪ (শেরপুর-জামালপুর) এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশিক উজ্জামান বলেন, লকডাউন কার্যকরে শুরু থেকেই শেরপুরে প্রতিদিন র্যাব নিয়মিত টহল দিচ্ছে। শহর ও শহরতলীর বাইরে গ্রামাঞ্চলের হাট-বাজারেও জনসচেতনতা বাড়াতে র্যাবের তরফ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশীদের তত্বাবধানে চলতি লকডাউন কার্যকরে প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ে মাঠ পর্যায়ে সর্বোচ্চ তৎপর রয়েছে। জেলা প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ স্ব-স্ব উপজেলায় বিশেষ তৎরপতা নিয়ে কাজ করছেন। পরিস্থিতি বিবেচনায় মানুষকে ঘরে থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে এক্ষেত্রে করোনা ভাইরাসজনিত উদ্ভুত অবস্থা থেকে রক্ষায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা ও জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই।









