শেরপুরের নালিতাবাড়ীতে বিষপান করে মোস্তাকিম মোস্তাক (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ২ জুলাই শুক্রবার তার লাশ দাফন করা হয়েছে। সে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামের আমির হোসেনের পুত্র। শুক্রবার নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত মোস্তাক আর্থিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। কিছুদিন আগে পরিবার থেকে পাওয়া সম্পত্তি বিক্রি করে কিছু দেনা-পাওনা পরিশোধ করেছেন। বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে বিষ পান করে ওই যুবক। পরে তার স্বজনরা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ও দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাত সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, পারিবারিক কলহের জেরধরে বিষপানে যুবক মোস্তাকের মৃত্যু ঘটেছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত যুবকের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে দাফনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।









