শেরপুরের নালিতাবাড়ীতে লকডাউনের মধ্যে ইজারার বাইরে থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ইয়ামিন (২৫) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২ জুলাই শুক্রবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস শহরতলী সরকারবাড়ি মোড় এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত ইয়ামিন উপজেলার হাতিপাগার এলাকার বাসিন্দা। শনিবার সাজা পরোয়ানামূলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ভোগাই নদীর বালু উত্তোলন নিষিদ্ধ এলাকা গোবিন্দনগর গ্রাম থেকে উত্তোলনের পর কতিপয় বালু ব্যবসায়ী চলতি লকডাউনের মধ্যে সরকারবাড়ি মোড়ে রাখা ডিপো থেকে বিপণন ও পরিবহন করছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সরকারবাড়ি মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ওইসময় বালু পরিবহনে জড়িত ইয়ামিনকে হাতেনাতে আটক করে সাক্ষ্যপ্রমাণ শেষে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।









