শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাহার আলী মাস্টার (৭৪) আর নেই। তিনি ৩০ জুন বুধবার সকালে জেলা সদর হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান।
তিনি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আশরাফ আলীর ছেলে এবং এবং ছাত্রজীবনে আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার সুবাদে তিনি শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। এছাড়া তিনি মৃত্যুর আগ পর্যন্ত ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে নিজ এলাকাসহ দলীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার রাত সাড়ে ৯টায় ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানায়, আজাহার আলী মাস্টার কয়েকদিন যাবত জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে তার অবস্থার অবনতি হলে বুধবার ভোরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে তিনি মারা যান।
এদিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, একই এলাকার সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা ও সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ।




