শেরপুরের নালিতাবাড়ীতে অনুমোদনবিহীন ওষুধ মোড়কজাত করায় একটি ওষুধের কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ জুন সোমবার বিকেলে পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় ওই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। অভিযানকালে প্রায় ১৭ ধরনের ওষুধ জব্দ করা হয়। এছাড়া পলিথিনবিরোধী অভিযানে আরও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, নালিতাবাড়ী শহরের দক্ষিণবাজার এলাকায় আব্দুল লতিফ নামে এক ব্যবসায়ী তার কারখানায় অনুমোদনবিহীনভাবে বিভিন্ন ধরনের ভেজাল হারবাল ওষুধ মোড়কজাত করে বিক্রি করছিলেন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় ঔষধ তত্ত্বাবধায়কের সহযোগিতায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। ওইসময় ১৭ রকম আয়ুবর্ধক হারবাল ওষুধের অন্তত: ১০টি কার্টুন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক আব্দুল লতিফকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় একজন ব্যবসায়ীকে অবৈধ পলিথিন বিপণনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওইসময় ১১৮ কেজি পলিথিন জব্দ করা হয়। একইসাথে শহরের গড়কান্দা এলাকায় আরও একজন ব্যবসায়ীকে অবৈধভাবে পলিথিন বিপণনের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টে সঞ্চিতা বিশ্বাস ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।









