শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা গাছ ধরতে নেমে নিখোঁজ হওয়া যুবক বোরহান উদ্দিনের (২১) লাশ উদ্ধার হয়েছে। ২৮ জুন সোমবার সন্ধ্যায় উপজেলার হাতিপাগার এলাকায় নদীতে তার লাশ ভেসে ওঠে। বোরহান উপজেলার কালাকুমা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

জানা যায়, রবিবার ভোররাতে ভোগাই নদীতে পাহাড়ি ঢল নামলে নদীতে পাহাড়ি গাছের গুড়ি ও লাকড়ি ভেসে আসে। সকাল থেকে ভোগাই নদীর বিভিন্ন স্থানে গাছ এবং লাকড়ি ধরছিলেন স্থানীয়রা। একপর্যায়ে কালাকুমা গ্রামে বোরহান উদ্দিন ঢলের পানিতে ভেসে আসা একটি গাছ ধরতে নদীতে নেমে আর উঠে আসেনি। পরে রবিবার দিনভর খোঁজাখুঁজির পর সোমবারও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীর বিভিন্ন স্থানে বোরহানের সন্ধান চালায়। একপর্যায়ে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিপাগার এলাকায় বোরহানের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বিষয়টি নিশ্চিত করেছেন।









