শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা গাছ ধরতে নেমে বোরহান উদ্দিন (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। ২৭ জুন রবিবার সকালে উপজেলার কালাকুমা গ্রামে ওই ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার ভোররাতে পাহাড়ি নদী ভোগাইয়ে পাহাড়ি ঢল নামে। ঢলের সাথে ভেসে আসে পাহাড়ি গাছের গুড়ি ও লাকড়ি। সকাল থেকে ভোগাই নদীর কালাকুমা ও পানিহাতাসহ বিভিন্ন স্থানে গাছ এবং লাকড়ি ধরছেন স্থানীয়রা। কালাকুমা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বোরহান উদ্দিনও সকালে ঢলের পানিতে ভেসে আসা একটি গাছ ধরতে নদীতে নামলেও আর উঠে আসেনি। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঢলের পানিতে তলিয়ে বোরহান মারা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বিষয়টি নিশ্চিত করেছেন।









