শেরপুরের নালিতবাড়ী উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে আদালতে ও থানায় পৃথক নালিশী মামলা ও অভিযোগ দায়ের হয়েছে। এরা হচ্ছেন উপজেলার মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক খন্দকার শফিক আহাম্মেদ এবং অপরজন পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো. আজাদ মিয়া। এদিকে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়েরের পর ওই নারী শুক্রবার রাতে থানায় অভিযোগ প্রত্যাহারের আবেদন দিয়েছেন। ওইসব ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
মামলা ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজাদ মিয়া প্রায় ২০ বছর ধরে বিয়ের প্রলোভনে ৪০ বছর বয়সী এক নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক চালিয়ে গেছেন। আজাদ মিয়াকে বারবার বিয়ের জন্য চাপ দিলেও তিনি ওই নারীকে বিয়ে করেননি। পরে আজাদ মিয়ার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন ওই নারী। অভিযোগে বলা হয়, চেয়ারম্যান আজাদ মিয়া ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। সর্বশেষ বিয়ের প্রতিশ্রুতিতে গত ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার পূর্ব আলিনাপাড়া এলাকায় চেয়ারম্যানের বাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। এরপর বার বার বিয়ের জন্য চাপ দিলেও কোনো কাজ হয়নি। অবশেষে ১৫ জুন ওই নারী থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তে প্রমাণিত হলে, ব্যবস্থা নেওয়া হবে।’
তবে সন্ধ্যায় ওই নারী লিখিতভাবে ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নিতে থানায় আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই বিষয়ে তিনি আপোষ-মিমাংসায় উপনীত হয়েছেন। বর্তমানে চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া সাংবাদিকদের বলেন, সামনে নির্বাচন। প্রতিপক্ষরা আমাকে ঘাঁয়েল করতে এ ধরনের নোংরা অভিযোগ করেছে। তিনি আরও বলেন, বাদী অভিযোগ প্রত্যাহার করেছে।

অপরদিকে আরেক ইউপি চেয়ারম্যান খন্দকার শফিক আহাম্মেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ২০ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করা হয়েছে। অভিযুক্ত শফিক ওই উপজেলার মরিচপুরান এলাকার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক।
মামলা সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান খন্দকার শফিক আহাম্মেদ গত ২০ মার্চ বিয়ে করার উদ্দেশ্যে তার নালিতাবাড়ী শহরের ছিটপাড়াস্থ বাসায় এনে একজনকে কাজী ও অপর দুজনকে সাক্ষী বানিয়ে বিয়ে করেন। তারপর থেকে তারা দুজন স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন। কিন্তু গত ২০ মে সকালে ইউপি চেয়ারম্যান শফিক ওই তরুণীকে বাড়ি থেকে বের করে দেন। সেইসাথে তরুণীকে জানিয়ে দেন, তাদের কোন বিয়ে হয়নি। এ ঘটনায় ওইদিনই তরুণী নিজেই বাদী হয়ে আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। পরে আদালত ওই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন।
ভুক্তভোগী তরুণী জানান, আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই। ঘটনার পর থেকেই অভিযুক্ত শফিক আমাকে হুমকি দিয়ে আসছে। আমি বাড়িতে নিরাপদে থাকলেও আমার অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় নিরাপদ নই।
এ ব্যাপারে জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) এমএম সালাহউদ্দীন ১৮ জুন শুক্রবার রাতে জানান, আদালতের নির্দেশনা হাতে পাওয়ার সাথে সাথে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা খন্দকার শফিক আহাম্মেদ বলেন, অভিযোগকারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি রাজনৈতিক কারণে নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিককে এজন্য দোষারোপ করেন। আর এ অভিযোগের বিষয়ে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক জানান, এটি তাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমি কারোর পক্ষে বা বিপক্ষে কথা বলিনি। তবে কেউ দোষ করে থাকলে তার শাস্তি হওয়া উচিৎ।









