শেরপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। ১৬ জুন বুধবার গত এক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ২৫ জন এবং শ্রীবরদী, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ১ জন করে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৫৩। এর আগে চলতি বছরের ১৪ জুন এক দিনে সর্বোচ্চ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। ১৭ জুন বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে ওইসব তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ১৫ দশমিক ১৩ ভাগ। জেলায় মোট ৯৫৩ করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৭৪৬ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ১৮৯ জন।

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, ১ থেকে ১৭ জুন পর্যন্ত জেলায় ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের অধিকাংশই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। এই সময়ে মারা গেছেন তিনজন। সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১১ জুন থেকে পৌর এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাই করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে করোনা চিকিৎসায় স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।




