রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী পোস্ট প্রচারের অভিযোগে এবার শেরপুরের নকলায় হাসান মাহমুদ (১৯) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ১৪ জুন সোমবার ভোরে র্যাব-৩ (টিকাটুলি, ঢাকা)’র একটি আভিযানিক দল উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে স্থানীয় ফয়েজ উদ্দিনের পুত্র।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, গ্রেফতারকৃত হাসান মাহমুদ দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উস্কানিমূলক, উগ্রবাদী বিভিন্ন পোস্ট প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার মোবাইল ও ফেইসবুক একাউন্ট থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়। পরে ওই ঘটনায় র্যাবের ডিএডি ফিরোজ খান বাদী হয়ে একটি অভিযোগসহ তাকে নকলা থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় র্যাবের তরফ থেকে দেওয়া অভিযোগের প্রেক্ষিতে থানায় সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান জানান, গ্রেফতারকৃত জঙ্গী সদস্য হাসান মাহমুদের রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী পোস্ট ছড়ানোর ঘটনায় কোন সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। এজন্য বিকেলে তাকে ৭ দিনের পুলিশ রিমাণ্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।









