শেরপুরে ১শ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (শেরপুর-জামালপুর)’র একটি অভিযানিক দল। ১ জুন মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ধলা ইউনিয়নের কোহাকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে পার্শ্ববর্তী বাকেরকান্দা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সোহেল (৩৪), মো. আব্দুল হাকিমের ছেলে মো. মোকলেছুর রহমান (২৫) ও মৃত ওয়াজ উদ্দিন মন্ডলের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৬)।

র্যাব-১৪’র এক প্রেস রিলিজে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কোহাকান্দা গ্রামে অভিযান চালায় র্যাবের একটি দল। ওইসময় কোহাকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বটতলা-তারাকান্দিগামী রাস্তা থেকে সোহেল, মোকলেছুর ও রফিকুলকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা হবে বলে জানায় র্যাব। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এমএম সবুজ রানা জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক আইনের মামলায় ওই ৩ আসামিকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।




