শেরপুরে ৬টি নকল সোনার বারসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ২২ মে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে পৌর শহরের চাপাতলী এলাকার দুলাল মিয়ার ছেলে ভুলু মিয়া (৪২) ও তাতালপুর মনকান্দা এলাকার সাইদুর রহমানের ছেলে ফারুক হোসেন (৪৮)।

জানা যায়, শেরপুরে একটি চক্র দীর্ঘদিন ধরে নকল সোনার বারের প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ২ টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া এলাকায় সদর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। ওইসময় স্থানীয় জনৈক আবেদ আলীর বসতবাড়ি থেকে প্রতারণার উদ্দেশ্যে হেফাজতে রাখা ৬টি সোনার বারসহ ভুলু মিয়া ও ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ওই তথ্য নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় গ্রেফতার ২ ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।




