শেরপুরের নালিতাবাড়ীতে ২ বন্ধুকে সাথে নিয়ে ভোগাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইশরাক হোসেন ইফতি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে শহরের ছিটপাড়া নদীরপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত ইফতি স্থানীয় আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সদস্য ইয়াসমিন আক্তারের একমাত্র সন্তান। সে স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। এদিকে একমাত্র সন্তানের মৃত্যুতে নিজের বুক শূন্য হয়ে পড়ায় মুষড়ে পড়েছেন ইফতির মা আইনজীবী ইয়াসমিন আক্তার। তিনিসহ পরিবার-স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

জানা যায়, রবিবার বেলা আড়াইটার দিকে ইশরাক হোসেন ইফতি তার বন্ধু একই এলাকার নূর ইসলামের ছেলে রনি (১৬) ও লস্কর মিয়ার ছেলে রানাকে (১৬) সঙ্গে নিয়ে শহরের সার্জেন্ট আহাদ প্রাঙ্গণ ঘাটে ভোগাই নদীতে গোসল করতে নামে। পরে তিন বন্ধু মিলে সাঁতার কাটতে কাটতে নদীর প্রায় আধাকিলোমিটার ভাটিতে ছিটপাড়া নদীরপাড় এলাকায় চলে যায়। দীর্ঘ সময় সাঁতার কাটতে গিয়ে তিনজনই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে রানা ও রনি কোনমতে নিজেদের আত্মরক্ষা করে শরীর পানিতে ভাসিয়ে রাখে। অন্যদিকে ইফতি নদীতে থাকা চোরা গর্তে পড়ে গেলে দুর্বল শরীর নিয়ে সে ডুবে যায়।
ওইসময় রানা ও রনির চিৎকারে নদীর তীরে আশেপাশে থাকা লোকজন দলবেঁধে ইফতির সন্ধানে নামে। একপর্যায়ে ইফতির নিথর দেহ পানির নিচ থেকে উদ্ধার করে শহরের ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।









