শেরপুরের ঝিনাইগাতীতে সুদের টাকার চাপে লেবু মিয়া (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ১৩ মে বৃহস্পতিবার উপজেলার গৌরিপুর ইউনিয়নের পুর্বগজারীকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। লেবু মিয়া ওই গ্রামের আনিছুর রহমান উরফে আহালুর ছেলে। ওই ঘটনায় ৪ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, লেবু মিয়া তার অভিভাবকদের অজান্তে স্থানীয় যুবক মোশারফ ও রেজাউলের মাধ্যমে বেশ কিছুদিন পুর্বে সুদে দুই দাদন ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। কিন্তু লেবু মিয়া ওই টাকার সুদ আসল কোনটাই পরিশোধ করতে পারেনি। লেবু মিয়া বেশ কিছুদিন ঢাকায় অবস্থান করে গত প্রায় এক পূর্বে বাড়ি আসে। বৃহস্পতিবার দুপুরে মোশারফ, রেজাউলসহ আরও দুই পাওনাদার লেবু মিয়াকে মোশারফের বাড়িতে ডেকে এনে তাকে মারধর করে। ওইসময় লেবু মিয়া সুদখোরদের হাত থেকে রক্ষা পেতে বিকেলে টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি চলে আসে। লেবু মিয়ার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিকেলে ওই ৪ জন টাকা নিতে লেবু মিয়ার বাড়ি আসে। ঘটনাটি লেবু মিয়ার অভিভাবকরা জানতে পেরে পাওনাদারদের কাছে এক সপ্তাহের সময় চান টাকা পরিশোধের জন্য। কিন্তু পাওনাদাররা এতে রাজি না হয়ে লেবুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে লেবু বিষ পান করে। পরে গুরুতর অবস্থায় লেবু মিয়াকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লেবু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় লেবু মিয়ার পিতা আনিছুর রহমান বাদী হয়ে ৪ জন আসামী করে থানায একটি মামলা দায়ের করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশী তৎপরতা চলছে।









