শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় দুই রিকশা যাত্রী নিহত হয়েছে। ১৩ মে বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের কালিনগর বাইপাস সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে শহরের আড়াইআনী বাজার জেলখানা মহল্লার জুয়েল মিয়ার ছেলে মাহিম (২২) ও গোজাকুড়া গ্রামের শাহেদ মিয়ার ছেলে আলম (২৩)।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাহিম ও আলম নালিতাবাড়ীর নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে রিকশাযোগে শহরে যাচ্ছিল। পথিমধ্যে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর পৌর মডেল উচ্চ বিদ্যালয় এলাকার বাইপাস মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে রিকশার আরোহী মাহিম ও আলম ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় বৃদ্ধ রিকশাচালক। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









