পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে করোনায় ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় ও কর্মহীন দিনমজুরদের মাঝে শাড়ি, লুঙ্গি ও মাস্ক বিতরণ করেছেন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের অন্যতম পরিচালক, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান। ১১ মে মঙ্গলবার দুপুরে শেরপুর শহরের নারায়ণপুরস্থ ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের প্রধান কার্যালয়ে ওইসব সামগ্রী বিতরণ করেন তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান। ওইসময় তিনি বলেন, গত বছরের ন্যায় এবারও করোনাকালীন সময়ে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। করোনায় সরকার ঘোষিত লকডাউনে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে গরিব, অসহায় এবং খেটে খাওয়া দিনমজুররা। তাই ঈদের আনন্দ এই অসহায়, গরিব মানুষের সাথে ভাগ করে নিতে আজ আমার নিজ উদ্যোগে তাদের মাঝে ঈদ বস্ত্র হিসেবে শাড়ি, লুঙ্গি, মাস্ক ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত দিনে বিভিন্ন সময়ে গরিব ও অসহায়দের মাঝে সাহায্য-সহযোগিতা করে গেছেন আমার বাবা, ইদ্রিস গ্রুপের চেয়ারম্যান প্রয়াত শিল্পপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া। তিনি মৃত্যুর শেষ সময়েও গরিব ও অসহায়দের পাশে থেকেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। তারই ধারাবাহিকতায় আমি শেরপুরের অসহায়, গরীব ও দিনমুজুরদের পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ্। ওইসময় তিনি তার পিতা প্রয়াত শিল্পপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার জন্য শেরপুরবাসীর কাছে দোয়া চান। সেইসাথে চলমান করোনা পরিস্থিতি থেকে রক্ষা পেতে সকলকে মহান আল্লাহর নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানান।
শাড়ি, লুঙ্গি ও মাস্ক বিতরণকালে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব রেহানা ইদ্রিস, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোতাসিম বিল্লাহ্ আরিফ, প্রধান কার্যালয়ের ক্যাশিয়ার মানিক মিয়া, ষ্টোর কিপার চঞ্চল মিয়া, আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




