শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এতিম ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ মে শনিবার দুপুরে শহরের জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার মাদ্রাসার ৫০ জন এতিম ও দুঃস্থদের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদ্রাসায় শুধু কোরআন-হাদিসের চর্চা হবে। এখানে হেফাজত বা উগ্রপন্থী কোন সংগঠনের রাজনীতি চলবে না।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল মজিদ খোকন, মোহতামিম মাওলানা মো. হযরত আলী, প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।




