শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮শ দরিদ্র অসহায় নারী-পুরুষ নতুন শাড়ি-লুঙ্গি পেলেন। ১ মে শনিবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজার সংলগ্ন বেগম রৌশন আরা একাডেমি প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার নিজস্ব তহবিল থেকে ওইসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এ উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও ফারুক আহমেদ বকুল।

এছাড়াও অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল আলম, আওয়ামী লীগ নেতা এরশাদ আলম, মশিউর রহমান, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনু ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাইদ দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ওই ইউনিয়নের ৭শ নারীর মাঝে একটি করে নতুন শাড়ি ও ১শ পুরুষের মাঝে একটি করে নতুন লুঙ্গি বিতরণ করা হয়।









