করোনা আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করলেন এসআই নাজিম উদ্দিন (৪১)। ৩০ এপ্রিল শুক্রবার সকালে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাজিম উদ্দিন শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তার শেষ কর্মস্থল ছিল ময়মনসিংহের নান্দাইল থানা।

নান্দাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ জানান, ২৭ মার্চ এসআই নাজিম উদ্দিনের করোনা পরীক্ষা পজেটিভ আসার পর তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। দিনদিন অবস্থার অবনতি হতে থাকলে ৫ এপ্রিল তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় । ৩০ এপ্রিল শুক্রবার সকালে নাজিম উদ্দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নাজিম উদ্দিনের মৃত্যুর খবরে তার নিজ গ্রাম ছাতুগাঁও-এ শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার লাশ গ্রামের বাড়িতে পাঠানোর পর সেখানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, করোনাযোদ্ধা হিসেবে আমাদের আরো এক পুলিশ ভাইয়ের মৃত্যু হল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তারপরেও আমরা আমাদের জীবন বাজি রেখে মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত সঠিকভাবে দায়িত্ব পালন করে যাবো। আমাদের দায়িত্ব থেকে আমরা কখনো পিছপা হব না। তবে করোনা বিপদকালীন সময়ে মাস্ক ব্যবহার করার জন্য তিনি সকলেরর প্রতি আহবান জানান।









