শেরপুরের শ্রীবরদীতে এক ভাঙ্গারি গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের কলেজ রোডে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সাদা মিয়ার ভাঙ্গারি গুদামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শ্রীবরদী পৌরশহরের কলেজ রোডে সাদা মিয়ার ভাঙ্গারি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ভাঙ্গারি ব্যবসায়ী সাদা মিয়া জানান, তিনি প্রতিদিনের ন্যায় ওই রাতে ভাঙ্গারি গুদাম ঘর বন্ধ করে বাড়িতে যান। রাত ৩ টার দিকে তিনি জানতে পারেন তার ভাঙ্গারি গোদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, এখানে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল ছিল। আগুনে ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
শ্রীবরদী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে আগুনে ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যাওয়ার তথ্য পেয়েছি। তবে এর পরিমাণ বাড়তেও পারে। এখান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকার মালামাল।




