সারাদেশের মতো রাজধানী ঢাকায় কেজিদরে তরমুজ বিক্রি করা হলে ফল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শীঘ্রই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্তদের জরিমানাসহ জেল দেয়া হতে পারে। রমজানের চাহিদাকে পুঁজি করে হঠাৎ করে তরমুজের দাম দ্বিগুণ করা হয়েছে। আর এর পেছনে অসাধু ফল ব্যবসায়ীদের হাত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, এবারই প্রথম দেশে কেজি দরে তরমুজ বিক্রি করার নতুন নিয়ম চালু করেছে ব্যবসায়ীরা। যদিও কৃষকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা সোয়া (১০০) হিসেবে তরমুজ কিনে থাকেন। এতে করে ভালমানের একশ’ তরমুজ কেনা হয় ৫ থেকে ৭ হাজার টাকায়। যা পরবর্তীতে কেজি হিসেবে বিক্রি করা হয়। ক্রেতাদের অভিযোগ পাইকারি পর্যায়ে ৮-১০ কেজি ওজনের একটি তরমুজ ৬০-৭০ টাকায় কেনা হলেও খুচরা পর্যায়ে তা সাড়ে ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। রোজায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে তরমুজ। এতে করে সাধারণ ক্রেতারা ঠকছেন। এমনকি কৃষকরাও লাভবান হচ্ছে না। শুধু পাইকারি ও ফরিয়া ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। এ কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শীঘ্রই ঢাকা শহরের ফলের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হবে। এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এক উর্ধতন কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, দেশে কোনদিন ওজন করে তরমুজ বিক্রির কোন রেকর্ড নেই।
এবার কেজিদরে তরমুজ বিক্রি করে ২ থেকে ৩ গুণ দাম বাড়ানো হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। শীঘ্রই ভ্রাম্যমান আদালত এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিবে। তিনি বলেন, তরমুজ মৌসুমী ফল হলেও এখন সারাবছর এই ফলটি দেশে পাওয়া যাচ্ছে। অভ্যন্তরীণ উৎপাদনের পাশাপাশি বিদেশী বিভিন্ন জাতের তরমুজ সারাবছর আমদানি হয়ে থাকে।

উল্লেখ্য, কেজি দরে তরমুজ বিক্রি করায় সারাদেশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। সারাদিন রোজা রাখার পর পানি জাতীয় ওই ফলটির চাহিদা রয়েছে ধর্মপ্রাণ রোজাদারদের কাছে। ওই কারণে এ ফলের ন্যায্যদাম নিশ্চিত হওয়া প্রয়োজন। ইতোমধ্যে মাদারিপুর, রাজশাহী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে শতাধিক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।




















