শেরপুরে ‘অসহায়ের সহায়’ নামে চলমান নৃ ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে এবার জেলার বিভিন্ন প্রান্তের সেলাই কাজে প্রশিক্ষিত অসচ্ছল ৪ জন অসহায় নারীকে ৪টি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। যার মধ্যে দুটি সেলাই মেশিন ইমার্জেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন অর্থায়নে ও দুটি নৃ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রদান করা হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সেলাই মেশিনগুলো উপকারভোগীদের মাঝে বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন।

নৃ ফাউন্ডেশনের সভাপতি ডা: ফয়জুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল হকের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজীব আহমেদ, সদস্য প্রভাষক সাইফসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন পেয়ে নালিতাবাড়ীর একজন উপকারভোগী আবেগ আপ্লুত হয়ে জানান, তিনটি সন্তান নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছিলেন। সেলাই মেশিনটি তাকে আশার আলো দেখাচ্ছে। নৃ ফাউন্ডেশন তার পাশে দাঁড়িয়েছে তার জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞ।
নৃ ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানান, ‘অসহায়ের সহায়’ কার্যক্রমের মাধ্যমে মূলত অস্বচ্ছল কিন্তু প্রতিভাবান ও মেধাবী, অভাবী কিন্ত উদ্যমী ও মেহনতী, পুঁজিহীন কিন্তু উদ্যোক্তা মনোভাব পোষণ করেন এমন মানুষদেরকে তাদের স্বপ্নপূরণে এবং অগ্রযাত্রাকে মসৃণ করতে সাধ্যের মধ্যে সহযোগিতা করে ও দু:সময়ের সহায় হয়ে নৃ ফাউন্ডেশন পাশে থাকতে চায়। আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু এই সীমিত সামর্থ্যের মধ্যে সামান্য সহায়তাও কারো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, সুনিশ্চিত প্রতিভাকে ঝরে পড়া থেকে যেমন বাঁচাতে পারে, তেমনি জীবন যুদ্ধে হেরে যাওয়া সৈনিককে নতুন করে স্বপ্ন দেখাতে পারে। এই চিন্তা চেতনাকে লালন করে ইতোমধ্যে অসহায়ের সহায় কার্যক্রমের অংশ হিসেবে অস্বচ্ছল একজন মেধাবী ছাত্রকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে এবং একজন প্রতিবন্ধি মেয়ের বিয়ের খরচ বাবদ তার পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে।
উল্লেখ্য, নৃ ফাউন্ডেশনের উদ্যোগে ‘অনাহারীর আহার’ নামে প্রতিদিন দুপুরে নিয়মিতভাবে শেরপুর পৌর ঈদগাহ মাঠে বিনামূল্যে খাবার বিতরণের পর বর্তমানে পবিত্র রমজান মাস জুড়ে চলছে অনাহারীর ইফতারের কার্যক্রম।




