করোনামুক্ত হয়ে শেরপুরে কর্মস্থলে ফিরেছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। অন্যদিকে এবার তৃতীয় টেস্টে করোনার রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে রয়েছেন একই আদালতের পিপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল। ২৬ এপ্রিল সোমবার থেকে জেলা ও দায়রা জজ তার দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে একইদিন সন্ধ্যায় তৃতীয় টেস্টের করোনার রিপোর্ট নেগেটিভ আসায় শহরের গৃর্দানারায়ণপুরস্থ নিজ বাসায় অনেকটা স্বস্তিতেই সময় পার করছেন এ্যাডভোকেট চন্দন কুমার পাল। এদিকে তারা দুজনই বিচারক ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তাদের সুস্থতা কামনা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা যায়, শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের স্ত্রী রাজধানী ঢাকাস্থ ইডেন কলেজের অধ্যাপক সানজিদা নাছরিন তাদের ২ সন্তান ও এক কাজের মেয়ে রাজধানী ঢাকার বাসায় করোনায় আক্রান্ত হলে গত ৮ এপ্রিল বৃহস্পতিবার শেরপুরে নমুনা পরীক্ষার জন্য দেন তিনি। পরদিনই তারও রিপোর্ট আসে পজেটিভ। এরপর থেকে সামান্য সর্দি ও শরীর ব্যথা নিয়ে স্ত্রীর ঢাকার বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। ওই অবস্থায় পরিবারের অপরাপর সদস্যদের পাশাপাশি তারও পরপর দুইবারের পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় তিনিও সুস্থ হয়ে উঠেন। আর সুস্থ হয়েই ফিরেছেন কর্মস্থলে। করোনা পরিস্থিতিতে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক হাজতি আসামিদের জামিনসহ জরুরি বিষয়ের শুনানী গ্রহণ করছেন।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি করোনার টিকা নেওয়ার পরও গত ৮ এপ্রিল করোনা পজেটিভ শনাক্ত হন। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থাকলেও তার সামান্য শরীর দুর্বলতা ছাড়া ছিল না অন্য কোন উপসর্গ। কিন্তু পরপর দু’দফায় পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসায় অনেকটাই দুঃশ্চিন্তায় ছিলেন তিনি ও তার পরিবার। অবশেষে তৃতীয় দফা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় ফিরেছে স্বস্তি। আর এর মধ্য দিয়ে বাসাতে অবস্থান করেই তিনি আদালতের শুনানীকাজে রাষ্ট্রপক্ষ থেকে অংশ নিচ্ছেন।









