শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পর্শে মো. চাঁন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় মো. আব্দুর রহমানের ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে চাঁন মিয়া তার নিজস্ব ধান মাড়াই মেশিন নিয়ে ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও গ্রামের জনৈক সদর আলীর বাড়িতে ধান মাড়াই শেষে বের হয়ে আসার সময় রাস্তার উপর বিদ্যুতের তারে মাড়াই মেশিনের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী ও আত্বীয়-স্বজনরা দ্রুত চাঁন মিয়াকে উদ্ধার করে ২৫০ শয্যা শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবক চান মিয়ার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সরেজমিন পরিদর্শন ও নিহত যুবক চাঁন মিয়ার মৃতদেহের সুরতহাল করেন ঝিনাইগাতী থানার এসআই মো. আব্দুর রাজ্জাক।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




