শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৬ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজারে গিয়ে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের পক্ষে ক্ষতিগ্রস্ত ২১ ব্যবসায়ীকে ৩ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়। ওইসময় শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি সালাউদ্দিন ছালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন ও সংসদ সদস্যের এপিএস আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একই সময় পৌর মেয়রের তরফ থেকেও ওই ব্যবসায়ীদের মাঝে নগদ ১ হাজার করে টাকা তুলে দেওয়া হয়।

এছাড়া রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার উপজেলা প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আরও নগদ ৩ হাজার করে টাকা প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়। এতে ক্ষয়ক্ষতি হয় প্রায় এক কোটি টাকার।




