শেরপুরে পারিবারিক বিরোধ ও মামলার জের ধরে প্রতিপক্ষের লোকজনের ধাক্কায় মো. সুরুজ্জামান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ২৩ এপ্রিল শুক্রবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুকসুদপুর শেখবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সুরুজ্জামান সদর উপজেলার মুকসুদপুর শেখবাড়ি গ্রামের মৃত জসি শেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন পারিবারিক বিষয় ও মামলা-মোকদ্দমা নিয়ে দীর্ঘদিন যাবত সদর উপজেলার মুকসুদপুর শেখবাড়ি গ্রামের সুরুজ্জামানের সঙ্গে প্রতিবেশী কোকিল শেখ ও চানু শেখের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বেলা ১টার দিকে সুরুজ্জামানের সঙ্গে কোকিল ও তার পক্ষের কয়েকজন লোকের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সুরুজ্জামানকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়াসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।




