পাহাড়ি জনপদে বসবাসকারী ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠির মাঝে সচেতনতার অভাবে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা গ্রহণের প্রবণতা খুব কম। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা ও কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া কোচপল্লীতে সচেতনতা ক্যাম্পেইন করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর। ২৩ এপ্রিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জনউদ্যোগ আহবায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। এসময় করোনা থেকে রক্ষায় বাইরে বেরোনোর সময় মুখে মাস্ক ব্যবহার, বারবার হাতধোয়া, শারীরিক দুরত্ব মেনে চলাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. আরিফুর রহমান, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সাংবাদিক আমিরুজ্জামান লেবু, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, কার্টুনিস্ট সাইফুল ইসলাম শাহীন, জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল, শেরপুর জেলা কোচ আদিবাসী ইউনিয়ন সভাপতি রয়েল কোচ, শিক্ষক যুগল কিশোর কোচ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত কোচ নারী-পুরুষরা করোনার টিকাগ্রহণে আগ্রহ প্রকাশ করেন এবং তাদের এলাকায় টিকাদান ক্যাম্প করার দাবি জানান। সেইসাথে লকডাউনের এই সময়ে হাট-বাজারে যেতে না পারায় কর্মহীন অবস্থায় তারা মানবেতর জীবন-যাপন করছেন বলেও উল্লেখ করেন। তারা সরকারের নিকট সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে ৫০টি কোচ পরিবারের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি, শেরপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ইউরো ফার্মা ও স্থানীয় কয়েক ব্যবসায়ীর সহায়তায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, সেনিটাইজার ও সাবান এবং খাদ্য সহায়তা হিসেবে আটা বিতরণ করা হয়।




