শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শারমিন আক্তার (৪০) এক গৃহবধূ নিহত হয়েছেন। ১৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শারমিন স্থানীয় জাহিদুল ইসলাম স্ত্রী। এদিকে ওই ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে সুরুজ্জামান, মোজাম্মেল হক ও ফরিদা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একখণ্ড জমি নিয়ে নকলা উপজেলার বাবারচর গ্রামের জাহিদুল ইসলামের সাথে প্রতিপক্ষ বজলু, মিজান ও শোভা মিয়ার সাথে বিবাদ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। প্রতিপক্ষরা জাহিদুলকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল। এর সূত্র ধরে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে প্রতিপক্ষের লোকজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে লাঠির আঘাতে জাহিদুলের স্ত্রী শারমিন আক্তার মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তারকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, গৃহবধূ শারমিন আক্তার নিহতের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। আটককৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।




