শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারে অবৈধভাবে দখল হওয়া সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ১৭ এপ্রিল শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে সরকারি জমির উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ইউপি সদস্য আসাদ আলীর উপস্থিতিতে বাজারের প্রায় ২০টি অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয়। অবৈধ স্থাপনা নির্মাণকারীরা প্রশাসনের নির্দেশে নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে নেন।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধভাবে জবরদখলে রেখেছিল। উদ্ধারকৃত জমির মূল্যে প্রায় কোটি টাকা হবে। অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়ায় পাইকুড়া বাজারের সৌন্দর্য বর্ধনে সহায়ক হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, পাইকুড়া বাজারের উন্নয়নে একটি পরিকল্পনা করা হচ্ছে। এ বাজারে নতুন ভবন, রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ করা হবে। এজন্য বাজারের সরকারি বেদখল হওয়া জমিগুলো উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




