করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওইসব মাস্কের কার্টুন নেতা-কর্মীদের হাতে তুলে দেয়া হয়।
মাস্ক বিতরণের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজা। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ওইসময় তিনি বলেন, প্রথম পর্যায়ে পৌর শহরসহ উপজেলার ১০টি ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে ২ হাজার করে মাস্ক বিতরণ করা হয়। পরবর্তীতে আরও মাস্ক বিতরণ করা হবে। ওইসময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহবান জানান তিনি।

মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, আবু রাশেদ রতন, তাতিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ বিল্লাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ শুকরিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, কুড়িকাহনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আউরঙ্গসহ দলীয় নেতা-কর্মীরা।




