শেরপুরের শ্রীবরদীতে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করতে গিয়ে মাটি চাপা পড়ে লোকমান মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২ এপ্রিল শুক্রবার রাতে শহরের সাতানি শ্রীবরদী শান্তিবাগ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত লোকমান উপজেলার মামদামারী নয়াপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে ও ৩ সন্তানের জনক।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, লোকমান কৃষি কাজ ও মাঝে-মধ্যে মাটি কাটার কাজ করে সংসার চালায়। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় পল্লী বিদ্যুতের লাইনম্যান মাসুদের বাড়িতে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ কাজ করছিলো লোকমান। ওই সময় সেপটিক ট্যাঙ্কের ২০ ফুট নিচে ইটের গাঁথুনি করার সময় হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়লে শ্রমিক লোকমান মাটি চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনাময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




