শেরপুরে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ মার্চ বৃহস্পতিবার রাতে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ওই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম জিপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৫ মাচ কালরাতে পৃথিবীর ইতিহাসে বর্বরোচিত গণহত্যার নজির স্থাপন করে পাকহানাদার বাহিনী। ওই রাতে পাকিস্তানি সেনাদের হাতে গ্রেফতার হওয়ার আগে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, যার প্রেক্ষাপটে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতার প্রত্যয়ে দেশজুড়ে শুরু হয় প্রতিরোধযুদ্ধ। এরপর রাজনৈতিক কর্মী, বাঙালি সেনা আর সাধারণ মানুষের সম্মিলিত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, বিপুল প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পর ১৬ ডিসেম্বর উদিত হয় স্বাধীনতার সূর্য।




