শেরপুরের শ্রীবরদীতে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১ জনকে ৪ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। ১৬ মার্চ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের বাজার এলাকায় পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার।
জানা যায়, করোনা ভাইরাসের বিস্তার রোধে মাস্ক ব্যবহারের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করে যত্রতত্র চলাফেরা করছেন। ফলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই করোনার বিস্তার প্রতিরোধে ও মাস্ক ব্যবহারে মানুষকে সচেতন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২১ জনকে দোষী সাব্যস্ত করে ৪ হাজার ৫৫০ টাকা জরিমানা করেন। ওইসময় জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহহেল আল আমিন সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহহেল আল আমিন ও শ্রীবরদী থানার পুলিশ আদালতকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মন্জুর আহসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




