শেরপুরের বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত দপ্তর পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান, এনডিসি। ১৬ মার্চ মঙ্গলবার দিনব্যাপী তিনি জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের ইনোভেশন কার্যক্রম ও এক্সিকিউটিভ কোর্ট, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নকলা পৌরসভা কার্যালয় এবং নকলার টালকী ইউনিয়নের আমার বাড়ি, আমার খামার প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন এবং মুজিববর্ষের ‘ক’ শ্রেণির ঘর পরিদর্শন করেন। এদিন তিনি নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন। ওইসময় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় নিদের্শনা দেন।

বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল আহমেদ, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনারকে জেলা সার্কিট হাউজে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। ওইসময় জেলা পুলিশের একটি চৌকশ দল বিভাগীয় কমিশনারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।




