জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর আয়োজনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনন্দ র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় অঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তাদের নেতৃত্বে শহরে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।

এরপর শহরের বটতলা কালিরবাজারস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু, লাভলী আক্তার, লাকী আক্তার, মুক্তি দে প্রমুখ। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনের কেক কাটা হয়। শেষে উপস্থিত হতদরিদ্রদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাপ্তাহিক শ্যামলীর ব্যবস্থাপনা সম্পাদক ওমর ফারুকসহ বিপুল সংখ্যক যুব মহিলা লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




