জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনদর্শন, আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় ও আগামীর দিকনির্দেশক। তাই ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি তাদের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ চলচ্চিত্রের আবেদন অনেক গভীর। ১২ মার্চ শুক্রবার এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড পরিচালিত এ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মজিবুল হক এমপি, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর নজরুল ইসলাম খান এবং ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রের পরিচালক অনন্যা রুমা।

শিরীন শারমিন চৌধুরী বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এ চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা। আর সেই স্বাধীনতা রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও নারী ক্ষমতায়নের রোল মডেল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে তিনি অর্থনীতিকে শক্তিশালী ভিত দিয়েছেন।
বক্তব্যের পর স্পিকার চলচ্চিত্রটির শুভ মহরতের উদ্বোধন ঘোষণা করেন। একই সঙ্গে তিনি এটিএন বাংলায় প্রচারিতব্য ধারাবাহিক অনুষ্ঠান ‘উন্নয়নে বাংলাদেশের’ শুভ উদ্বোধন ঘোষণা করেন।




















