শেরপুরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ট্রেডক্রাফট এক্সচেঞ্জ ও আরডিএস এর বাস্তবায়নাধীন ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে স্থানীয় কর্তৃপক্ষ, উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরী বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি ইন্তাজ আলীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম খান, শাহ আলম, আনোয়ার হোসেইন, ক্ষমতায়ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী উজ্জল কুমার দত্ত রায়, জেলা সমন্বয়কারী মাহবুব হাসান প্রমুখ। এছাড়াও ওই কর্মশালায় মহিলাদের অধিকার, সুযোগ সুবিধা ও নিরাপত্তার বিষয়ে বক্তব্য দেন মহিলা নেত্রী উপজেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের সহ-সভাপতি মোছা. সুলতানা রাজিয়া, প্রতিবন্ধীদের অধিকার, সুযোগ সুবিধা ও নিরাপত্তার বিষয়ে বক্তব্য দেন প্রতিবন্ধী কৃষক নেতা ওয়াসিম। এতে উপজেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা এবং কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশন, শেরপুর জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




