শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা-খাড়ামুড়া রাস্তাটি সংস্কার সম্প্রসারণ ও পাকাকরণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। ফলে ওই পথে চলাচলকারী হাজারও মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ভায়াডাঙ্গা বাজার থেকে বিলভরট, মামলাকুচা, হালুয়াহাটি, বালিজুরি হয়ে খাড়ামুড়া পর্যন্ত এলজিইডি’র প্রায় ৯ কিলোমিটার রাস্তা। এর মধ্যে ভায়াডাঙ্গা বাজার থেকে বালিজুরি বাজার পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা গত ২ বছর পূর্বে পাকা করা হয়। অভিযোগ উঠেছে, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ করায় ও ওই রাস্তায় বালুবোঝাই ট্রাক-ট্রলি ও মাহিন্দ্র অবাধে যাতায়াতের কারণে রাস্তার বিভিন্ন স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের অভাবে ওই পথে চলাচলকারী হাজারও মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিলভরট গ্রামের বাউল মিয়া, কনক মিয়া, বুলবুল মিয়া, হালুয়াহাটি গ্রামের জামাল উদ্দিন, আশরাফুল, মুসলিম উদ্দিন ও জজ মিয়াসহ অনেকেই জানান, রাস্তাটি যান চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। তাদের মতে, ওই রাস্তায় অটোরিকশা চলাচল করলেও রাস্তাটি খানাখন্দের সৃষ্টি হওয়ায় যাতায়াতকারীদের সময় অপচয় হওয়ার পাশাপাশি অতিরিক্ত অর্থও গুনতে হচ্ছে তাদেরকে। এছাড়াও সরু এ পথে একটি ট্রাক প্রবেশ করলে অন্য কোন যানবাহন কেটে যাওয়ার কোনো সুযোগ পর্যন্ত থাকে না। বর্তমানে রাস্তাটি সংস্কার সম্প্রসারণ ও পাকাকরণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। দুর্ভোগের শিকার হতে হচ্ছে হাজারও মানুষের।

রাণীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, রাস্তাটি সংস্কার সম্প্রসারণ ও পাকাকরণের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বহুবার আবেদন-নিবেদন করা হয়েছে। কিন্ত কোন কাজে আসেনি।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা প্রকোশলী জাহাঙ্গীর হোসাইনের সাথে কথা হলে তিনি বলেন, রাস্তাটি সংস্কার সম্প্রসারণ ও পাকাকরণের বিষয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।






