শেরপুরের নালিতাবাড়ীতে গরু বোঝাই একটি শ্যালোইঞ্জিনচালিত ভটভটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমিনুল ইসলাম (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। ৯ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের কালিনগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওইসময় নিহত আমিনুলের মামা আবু সামা (৫০) আহত হয়েছেন। হতাহতদের বাড়ি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ভালুকা নলকুড়া গ্রামে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে একটি গরু ক্রয় করে আমিনুল ইসলাম ও আবু সামা ভটভটিযোগে গরু নিয়ে বাড়ি ফিরছিল। ওইসময় নাকুগাঁও সড়কের কালিনগর মহল্লার একটি ব্রিজে ধাক্কা লেগে ভটভটি গাড়িটি উল্টে যায়। এতে আমিনুল ইসলাম ও তার মামা আবু সামা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আবু সামাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহমা সারওয়াত সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










